ইউএই’র গুপ্তচর হিসেবে কাজ করেছে টুটক
জনপ্রিয় মেসেজিং অ্যাপ টুটক মূলত সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এর গুপ্তচর টুল হিসেবে ব্যবহার করা হয়। মূলত ব্যবহারকারীদের গতিবিধিতে নজরদারি করতে ইউএই এই অ্যাপটিকে কাজে লাগিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে গিজমোডো।
কয়েক মাস আগে অ্যাপটি উন্মোচন করা হয়। আর এই কয়েক মাসেই বিশ্বব্যাপী কয়েক মিলিয়নবার ডাউনলোড হয়েছে অ্যাপটি।
অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীর প্রতিটি আলোচনা তদারকি, চলাফেরা, সম্পর্ক, অ্যাপয়নমেন্ট, শব্দ এবং ছবির অ্যাক্সেস নেয়া সম্ভব। অ্যাপটির অধিকাংশ ব্যবহারকারী সংযুক্ত আরব আমিরাতের, তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রেও অ্যাপটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন, টুটকের মালিকানা কোম্পানি ব্রিজ হোল্ডিং আবু-ধাবিভিত্তিক সাইবার ইন্টেলিজেন্স এবং হ্যাকিং প্রতিষ্ঠান। এখানে আমিরাতের ইন্টেলিজেন্স অফিশিয়ালস, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির কর্মকর্তা এবং ইসরাইলের মিলিটারি ইন্টেলিজেন্সের কর্মীদের চাকরি দেয়া হয়।
বিষয়টি ধরা পড়ায় সম্প্রতি অ্যাপল এবং গুগল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলা হয়েছে। তবে ডিভাইস থেকে অ্যাপটি আনইনস্টল করা না হলে অ্যাপটি কাজ করবে। তাই বিশ্লেষকরা অ্যাপটি আনইনস্টল করার তাগিদ দিয়েছেন।
ডিবিটেক/বিএমটি